ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, আদালত চত্বরে তালিকাভুক্ত আইনজীবীরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। সকল প্রকার ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার ছাত্রদের আবাসিক হলের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আছাদুজ্জামান মিয়া এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে জনগণের মধ্যে আবেগ, উৎকণ্ঠা তৈরি হয়েছে। তার কোনো দরকার নেই। পুরো শহরজুড়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।' কেউ যদি নাশকতার চেষ্টা করে, তাহলে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানা আছাদুজ্জামান মিয়া।
এদিকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে কয়েক দিন ধরে সাইবার ওয়ার্ল্ডে অপপ্রচার চালানো হচ্ছে। তবে সাধারণ জনগণের শঙ্কার কিছু নেই। কেউ নাশকতা করার চেষ্টা করলেই ব্যবস্থা নেওয়া হবে।’
সকালে আদালত চত্বরে গিয়ে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্যে আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আগে থেকে যেসব আইনজীবীর নাম নিবন্ধিত ছিল, শুধু তাঁদেরই আদালতে ঢুকতে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আর প্রতিটি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বেসরকারি টিভি চ্যানেলের ক্ষেত্রে শুধু রিপোর্টার ভেতরে প্রবেশের অনুমতি পাচ্ছেন, ক্যামেরাপারসন যেতে পারছেন না।
এ বিষয়ে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আমরা এ মামলার শুরু থেকে আদালতে আসছি। কিন্তু আমাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।’
জেড





