বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের চলমান অবস্থান কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রবীণ রাজনীতিক বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। শনিবার সন্ধ্যায় শাহ মোয়াজ্জেম হোসেন মতিঝিলে কাদের সিদ্দিকীর অবস্থানস্থলে এসে সংহতি প্রকাশ করেন।

শাহ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকীকে আমি কেবল স্নেহই করি না, তাকে আমি শ্রদ্ধাও করি। স্বাধীনতা সংগ্রামের সবচাইতে বড় অবদানের মানুষটিকে রাস্তায় বসে থাকতে দেখে প্রাণ কাঁদে। তার ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠিত হউক, এটাই কামনা করি।’

শাহ মোয়াজ্জেম ছাড়াও শনিবার কবি সাযযাদ কাদির এবং লেখক শহীদুল্লাহ ফরাজী কাদের সিদ্দিকীর কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।

শহীদুল্লাহ ফরাজী বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে আন্দোলন নির্বাসিত মুক্তিযুদ্ধের চেতনাকে আবার পুনরূজ্জীবিত করবে এবং মুক্তিযুদ্ধের আদর্শকে রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নে সহায়ক হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা সারা জনম লালন করবো- এটাই হবে শহীদদের আত্মার প্রতি আমাদের নৈবেদ্য।’

প্রসঙ্গত, দেশের বর্তমান সংকট উত্তরণে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপিকে আলোচনায় বসতে এবং অবরোধ প্রত্যাহারের দাবিতে গত ২৮ জানুয়ারি থেকে মতিঝিলে অবস্থান কর্মসূচি পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।

এএইচ