বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন আজ। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আদায়ের লক্ষ্যে যে আন্দোলন চলছে তারই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সফরে যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেত্রী।

বিএনপি চেয়ারপারসন কার্যালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার সকাল ১১ টায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা দেবেন খালেদা জিয়ার গাড়িবহর। ঢাকা থেকে কাঁচপুর নরসিংদী ভৈরব হয়ে দুপুর আড়াইটায় চেয়ারপারসনের গাড়িবহর ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউসে পৌঁছাবে। সেখানে বিশ্রাম নিয়ে তিনি ২০ দলীয় জোটের উদ্যোগে স্থানীয় নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় যোগ দেবেন। এরপর জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সূত্রে জানা গেছে নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবী, সম্প্রচার নীতিমালা বাতিল, বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে প্রদান এবং ‍গুম-খুনের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। দুপুর দুইটায় সমাবেশ শুরু হবে।

খালেদা জিয়ার জনসভাকে সফল করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি ও জোটের শরিক দলগুলো। রঙিন ডিজিটাল ব্যানার- ফেস্টুনে ছেয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়া শহর। খালেদা জিয়ার যাত্রাপথ ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রবেশমুখ আশুগঞ্জ থেকে জনসভাস্থল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার পথে নির্মাণ করা হয়েছে শতাধিক তোরণ।

এছাড়াও খালেদা জিয়ার সমাবেশকে সফল করতে দলের নেতাকর্মীরা প্রত্যেকটি ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যন্ত গণসংযোগ করছেন।

ঢাকা, এমএইচ, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম