ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী সাঈদ খোকনকে সন্তানের মতো উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস নির্বিগ্নে কাজ করতে দেয়ার আহ্বান জানিয়েছেন।
আফরোজা আব্বাস বলেন, ‘তুমি আমার সন্তানের মতো। তুমি তোমার কাজ করো। আমাদেরকে আমাদের মতো কাজ করতে দাও। আজ যাত্রাবাড়ীতে ভোট চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আফরোজা।
কয়েকটি মামলা মাথায় নিয়ে মেয়র প্রার্থী হওয়া স্বামীর পক্ষে প্রচার চালাচ্ছেন তিনি। আগের দিন আফরোজা আব্বাসকে ‘চাচি’ সম্বোধন করে তার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে তা নিয়ে নির্বাচন কমিশনে যেতে বলেন খোকন।
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী খোকন দেওয়ালে পোস্টার লাগানোসহ নানাভাবে নির্বাচনী আচরণবিধি লংঘন করছেন বলেও অভিযোগ করেছেন আফরোজা।
বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের পক্ষে সকালে সায়েদাবাদে প্রচার শুরু করেন আফরোজা। সেখানে পথসভা করে যান যাত্রাবাড়ীতে। এ সময় বিএনপির অনেক নেতাকর্মী তার সঙ্গে উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রচারে নানাভাবে তাদের বাধা দেওয়া হচ্ছে অভিযোগ করে আফরোজা আব্বাস বলেন, সব সময় ‘সাদা পোশাকের’ লোকজন তাদের পাশে ‘ঘোরাঘুরি’ করে। লোকজনকে ডেকে নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। পোস্টার লাগাতে গেলে হয়রানি করা হয়। পোস্টার লাগালে পরে তা ছিঁড়ে ফেলা হচ্ছে।
সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর দাবি জানিয়ে তিনি বলেন, ‘সরকার বলেছে তারা সুষ্ঠু নির্বাচন চায়, আমরাও তাই চাই। কেন্দ্রে কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হোক, মানুষ দেখুক কেমন নির্বাচন হচ্ছে।’
নির্বাচন কমিশন ভোট পরিচালনার যে পরিকল্পনা করেছে তাতে কেন্দ্রে সিসি ক্যামেরা বসানোর কথা বলা হয়নি। বিএনপির পক্ষ থেকে ভোটে নিরাপত্তায় সেনা মোতায়েনের দাবি থাকলেও এখনও সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কমিশন।
আগামী ২-৩দিনের মধ্যে মির্জা আব্বাসের নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে বলে জানান তার স্ত্রী।
এসএইচ





