এসএসসি পরীক্ষার্থী রিফাত আব্দুল্লাহ খানকে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিতে আহবান জানিয়েছেন তার মা মাহফুজা ইয়াসমীন।
শুক্রবার মাহফুজা ইয়াসমিন সাংবাদিকদের বলেন, আমার ছেলে হলিচাইল্ড স্কুলের বাণিজ্য বিভাগের ছাত্র রিফাত আব্দুল্লাহ খান উত্তরা হাইস্কুল কেন্দ্রে গত শুক্রবার ২০ ফেব্র“য়ারী গণিত পরীক্ষা দিয়ে বের হবার সময় পরীক্ষার হল থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন প্রকার মামলা ছাড়াই তাকে গ্রেফতার করে।
আটকের দু’দিন পর তাকে আদালতে হাজির করে একজন কিশোরকে আইসিটি আইনে গ্রেফতার দেখিয়ে ৩ দিনের রিমান্ডে নেয় পুলিশ। রিমান্ড শেষে আদালতে হাজির করে একই মামলায় তাকে আবারো দু’দিনের রিমান্ডে নেয়া হয়।
এ সময় তার আইনজীবীরা আজ শুক্রবার ও কাল শনিবার অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষা দেয়ার সুযোগ দানের জন্য আদালতে শুনানি করলে তা নামঞ্জুর করে আদালত যা মানবাধকিাররে লংঘন। এর ফলে আমার বড় ছেলে আজ ও কালকের পরীক্ষা দিতে পারছে না।
আমরা ভেবেছিলাম আদালতে সে ন্যায়বিচার পাবে। কিন্তু আইন অনুযায়ী পরীক্ষা দেয়ার সুযোগ তার প্রাপ্য হলেও তাকে ন্যায়বিচার বঞ্চিত করা হলো। এমতাবস্থায় তার পরবর্তী পরীক্ষাগুলো নিয়েও আমি আশঙ্কায় আছি। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় অংশ নিতে গিয়েই এভাবে গ্রেফতার, রিমান্ড এবং পরীক্ষা দেয়ার সুযোগ না দেয়া অমানবিক ও মানবাধিকার লঙ্ঘন।
মাহফুজা ইয়াসমীন আরো বলেন, আমার দুই ছেলে, দুই মেয়ের মধ্যে রিফাত বড়। সরকার তাকে জীবনের প্রথম পরীক্ষা থেকেই বঞ্চিত করলো। সন্তানের জীবনের পাবলিক পরীক্ষাকে কেন্দ্র করে সব বাবা-মায়েরই স্বপ্ন থাকে। কিন্তু এসএসসি পরীক্ষার কেন্দ্র থেকেই তাকে আটক এবং বারবার রিমান্ড ও পরীক্ষা দেয়ার সুযোগ থেকে বঞ্চিত করায় আমি মর্মাহত ও ব্যথিত।
অবিলম্বে আমি আমার সন্তানকে মুক্তি দিয়ে বাকী পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করার সুযোগ দিতে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
এসএইচ





