আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপিকে অংশগ্রহণ করতে হলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী মেনেই আসতে হবে। এছাড়া বিএনপির আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
শুক্রবার দুপুরে  রাজধানীতে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে আইডিইবির দুই দিনব্যাপী প্রতিনিধি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, খালেদা জিয়া নাকি উপজেলা নির্বাচনে আসবেন। নির্বাচনে আসার জন্য আমরা তাদের আহ্বানও জানাবো। তবে শেখ হাসিনার নেতৃত্ব মেনেই তাকে (খালেদা জিয়াকে) নির্বাচনে আসতে হবে।
শিল্পমন্ত্রী বলেন, এদেশে রাজনীতি করতে হলে নাকে খত দিয়ে শেখ হাসিনার নেতৃত্বের সরকারের অধীনেই নির্বাচনে আসতে হবে। এটা বুঝতে পেরেই বিএনপি উপজেলা নির্বাচনে আসার সিদ্ধান্ত নিয়েছেন। শেখ হাসিনা যে গণতান্ত্রিক পথে ছিলেন এটিই তার প্রমাণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, আজকে তারা কোন অজুহাতে তত্ত্বাবধায়কের দাবি করলেন? বিগত দিনের সরকারের সময় যেভাবে কারচুপির নির্বাচন হয়েছিলো এই সরকারের সময় এ ধরনের কারচুপির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই সরকার নির্বাচনে কোনো হস্তক্ষেপ করেনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমলে কারচুপির নির্বাচন ও হুন্ডা-গুণ্ডার নির্বাচন হয়েছিল। তার কারণ ১৯৭২ সালে সংবিধানে সামরিক শাসন জারি করার সুযোগ ছিলনা। তিনি সামরিক শাসন জারি করে রাজনৈতিক দল গঠন করে কারচুপির নির্বাচন করেন। তারপর এরশাদের আমলেও এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
আমু বলেন, বিএনপির আন্দোলনের মূল লক্ষ্য ছিল নতুন পাকিস্তানের সৃষ্টি করা। এই দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানানোর ষড়যন্ত্র নিয়েই তারা  আন্দোলন নেমেছিল। এ কারণেই তারা ব্যর্থ হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বিরোধীদলীয় নেত্রী শুধু বিএনপির নেত্রীই ছিলেন না তিনি জামায়াতের আমিরও হয়েছিলেন। যখন সংবিধানের সংশোধনী করলাম আমরা তাদের ডাকলাম কিন্তু তারা আসেননি। যখন নির্বাচনের সময় ঘনিয়ে আসলো বিএনপি তদের সুনিশ্চিত পরাজয় জেনেই ইলেকশন বয়কট করেছে বলেও মন্তব্য করেন তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ফুটবল খেলায় যেখানে এক দল না আসলে পাঁচ মিনিট পরেই রেফারি হুইসেল বাজিয়ে অন্য দলকে বিজয় ঘোষণা করেন। বিরোধী দল নির্বাচনে না আসায় আমরা সেভাবে জয়ী হয়েছি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবির সভাপতি একেএমএ হামিদ।
এমআর, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)