২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া বলেছেন, পৃথিবীতে কোন স্বৈরশাসক গ্রেফতার-নির্যাতন করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। বর্তমান ফ্যাসীবাদী ও অনৈতিক সরকারও ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

আজ মঙ্গলবার এক বিবৃতির মাধ্যমে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, সরকারের অত্যাচার-নির্যাতনে সাধারন মানুষ আজ অতিষ্ট হয়ে পড়েছে। হত্যা-রাহাজানি-ছিনতাই-নারীদের সম্ভ্রমহানি আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে।

অন্যদিকে সরকার জনবিছিন্ন হয়ে পুলিশ বাহিনীকে দলীয় বিশেষ বাহিনীতে পরিনত করছে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার দেশটাকে একটা পুলিশী রাষ্ট্রে পরিনত করছে।

সরকার মুখে গণতন্ত্রের বুলি আউরালেও তাদের আচরনে প্রমাণ হয় প্রকৃত অর্থে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আওয়ামী লীগ শুধু একদলীয় নয়, এক ব্যাক্তির শাসন প্রতিষ্ঠা করেছে।

নেতৃদ্বয় বলেন, দেশ, গণতন্ত্র আর দেশের জনগনের প্রতি দায়বদ্ধতা না থাকায় সরকার বেপরোয়া হয়ে উঠেছে। বেপরোয়া সরকার সারা দেশে হত্যা-গুম, গ্রেফতার-নির্যাতনের মাধ্যমে ক্ষমতাকে চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে।

এভাবে সরকার তার শেষ রক্ষা করতে পারবে না, গণআন্দোলনের মাধ্যমেই সরকারের পতন হবে। সরকারকে মনে রাখতে হবে আন্দোলনের আগুন জ্বলে উঠছে, সে আগুন সরকারের নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে চরম মাসুল দিতে হবে।

নেতৃদ্বয় অবরুদ্ধ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, গ্রেফতারকৃত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী বীরবিক্রম, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মুহম্মদ শাহজাহান, সহ-সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম, হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন-সহ বিরোধী দলের সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তির দাবী জানান।

এসএইচ