ক্ষমতাসীনরা গণতন্ত্রকে যে ঘরে বন্দি করে রেখেছে ওই ঘরের লৌহ কপাট ভেঙ্গে ফেলার জন্য যুবকদের শপথ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।
রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাসাস ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
‘জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যূ বার্ষিকী’ শীর্ষক আলোচনা সভায় খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘কারা ঐ লৌহ কপাট ভেঙ্গে ফেল করলে লোপাট’ দীপ্ত কণ্ঠে এই কবিতা কাজী নজরুল ইসলামের কণ্ঠে উচ্চারিত হত। তাই আজ যুবকদের নজরুলের শক্তি ধারন করে গণতন্ত্রের কপাট ফেলার সংগ্রামে নামতে হবে।
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে জঙ্গিবাদ ও সন্ত্রাসী দল বললেই দেশের বর্তমান সমস্যার সমাধান হবে না। কারন এই সমস্যা রাজনৈতিক সমস্যা। তাই রাজনৈতিকভাবেই এই সমস্যা সমাধান করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন, দেশে আজ কোন গণতন্ত্র নেই। এই গণতন্ত্র পূর্ণউদ্ধার করতে হবে। আর এর জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালদো জিয়ার নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে আমাদেরকে রাজপথে নামতে হবে।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির সহ- তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, জাসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মালেক প্রমূখ।
এমএ/এআই





