ইফতারের নয় সংলাপের দাওয়াত চাই বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। আওয়ামী লীগের ইফতার পার্টিতে খালেদা জিয়াকে দাওয়াত প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর হোটেল ৭১ এ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নোমান বলেন, আমরাও তাদের ইফতারের দাওয়াত দিয়েছি তারাও আমাদের দিয়েছেন। এটা নতুন কিছু নয়। তবে এখন প্রয়োজন হলো সংলাপের দাওয়াত।
তিনি আরও বলেন, ঈদের পর আন্দোলন সফল করতে হলে আন্দোলনে নেতৃত্বদানকারীদের আরও দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। তবেই আন্দোলন সফল হবে।
সরকারের আচরণকে উগ্র ফ্যাসিবাদের ন্যায় মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশকে নিজেদের পরিবারের সম্পদ মনে করে।
আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেন, দেশ এবং দেশের মানুষের জন্য আমাদের ক্ষমতায় যেতে হবে। আর তার জন্য তিনটি পথ খোলা রয়েছে। প্রথম টি হলো নির্বাচন, ২য় টি অভ্যুথান, ৩য় টি হলো ৫জানুয়ারির মত নির্বাচন। ৩য় ব্যবস্থাটি সুখকর নয়।
তিনি আরও বলেন, আমি নিজের, দলের এবং খালেদা জিয়ার জন্য শঙ্কিত নই। আমি শঙ্কিত শেখ হাসিনার জন্য। অপরাজনীতি এবং অবৈধ ভাবে ক্ষমতায় থেকে তিনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন।
অনুষ্ঠানে বিএনপির প্রচার সম্পাদক জয়নুল আবেদীন ফারুক, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গনতন্ত্র পুনরুদ্ধার হবে এবং দেশ সমৃদ্ধ হবে।
ফোরামের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এস এম আব্দুল হালিম,সাবেক এমপি রাশেদা বেগম হীরা, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমূখ।
ঢাকা,এমএইচ১১জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





