আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ইসলামকে ধ্বংস করতে ‌গুলশান হলি আর্টিজান রেস্টুরেন্ট ও শোলাকিয়ায় মতো জায়গায় জঙ্গিরা হামলা চালিয়েছে।

শনিবার (১৬ জুলাই) দুপুরে ঝিনাইদহ শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলামের আহ্বান শীর্ষক’ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এ কর্মশালার আয়োজন করে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন।

হানিফ বলেন, ঝিনাইদহে পুরোহিত, সেবায়েত, গুলশান আর্টিজান রেস্টুরেন্ট, শোলাকিয়ার হামলায় ছাত্র শিবিরের নেতাকর্মীরা জড়িত।

তিনি আরও বলেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার লোভে ইহুদি, নাসারাদের সঙ্গে হাত মেলাতে কুণ্ঠাবোধ করেনি।

রাজনীতির জন্য নয়, ইসলাম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান হানিফ।

জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি, ৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজ, ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুর আজীম আনার, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রমুখ।

ওএফ