খালেদা জিয়া প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী। তার প্রতিহিংসার রাজনীতির কারণে দেশের মানুষ পুড়ে ছাই হচ্ছে। বাংলার মানুষ শান্তিতে থাকুক এটা খালেদা চান না।

এ কারণে আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে কাজী আরেফ ফাউন্ডেশন আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। কাজী আরেফ আহমেদের ১৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

টুকু বলেন, ‘আন্দোলনের নামে খালেদা জিয়ার যে কর্মসূচি তা মানুষ হত্যার কর্মসূচি। তাই বাংলার জনগণ এই কর্মসূচি প্রত্যাখ্যান করছে। খালেদা জিয়া বাংলার মানুষকে চেনেন না। এ মানুষ মাত্র নয় মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। অতিশীঘ্রই এ দেশের জনগন আপনার আন্দোলনকে প্রতিহত করে আপনাকে আত্নসমর্পন করতে বাধ্য করবে।’

সরকার চলমান রাজনীতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি তো মানুষ হত্যা করে আনন্দ পান। হরতাল অবরোধের নামে আপনি মূলত মানুষ হত্যার আন্দোলনের ডাক দিয়েছেন।’

সংগঠনের সভাপতি কাজী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ উপ কমিটির সহ-সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সাধরন সম্পাদক অরুন সরকার রানা।

এসএইচ