পবিত্র হজ, মুহাম্মদ (স.) ও তাবলীগ জামায়াত নিয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী লতিফ সিদ্দিকীর আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে এবং মন্ত্রীর শাস্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশে করেছে জামায়াতে ইসলামীর।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত রাজধানীর ধানমন্ডি, শাহজাদপুর, মিরপুরসহ বিভিন্ন এলাকায় পূর্ব ঘোষিত বিক্ষোভ ও বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অপসারণ, গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
জামায়াত নেতারা বলেন, মহানবী (স.) ও পবিত্র হজ্জ নিয়ে এত বড় দৃষ্টতা অতীতে আর কেউ দেখাতে পারেনি। সরকারের একজন মন্ত্রী হয়ে তিনি ইসলামের বিরুদ্ধে যে কটাক্ষ মন্তব্য করেছেন তার দায়ভার সরকার কোনভাবেই এড়াতে পারে না। এজন্য সরকারকেই জবাব দিতে হবে।
জামায়াত নেতারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলাম ও ইসলামী মূল্যবোধ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় জনগণকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান।
রাজধানীর বাড্ডা লিংরোড এলাকায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ সেলিম উদ্দীন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরীর কর্মপরিষদ সদস্য এ এস এম আলাউদ্দীন, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ড. মু. রেজাউল করিম, ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য অধ্যাপক আ জ ম কামাল উদ্দীন, সালাহউদ্দীন, আবু ওমর, মেসবাহ উদ্দীন ও মাওলানা মুহিব্বুল্লাহ প্রমূখ।
বিক্ষোভ মিছিলটি শাহজাদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লিংক রোডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অপরদিকে ধানমন্ডির আসাদ গেট এলাকায় সমাবেশে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য লস্কর মোহাম্মদ তসলীম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুস সালাম, সোলাইমান হোসেন, মুহাম্মদ আলী, নোমান খান, শিবির নেতা তামিম হোসাইন, সাইদুর রহমান স্বপন, রফিকুল ইসলাম ফরায়েজী, মুজাহিদুল ইসলাম, গোলাম মোর্তজা ও জুবায়ের আহমদ প্রমুখ।
মিরপুর রাবা এলাকায় বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতের মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা দেলাওয়ার হোসাইন, মজলিশে শুরা সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ, মাহফুজুর রহমান, মোস্তাফিজুর রহমান, শরীফ উদ্দীন আহমদ ও এ্যাডভোকেট জসিম উদ্দীন তালুকদার এবং ভাষানটেক সেক্রেটারি আলাউদ্দীন মোল্লা প্রমূখ।
জেআই





