গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরী বলেছেন, জনগণ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কোনো সুবিধা পাচ্ছে না, বরং প্রতিনিয়ত হয়রানির স্বীকার হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয় পার্টি আয়োজিত এক স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক উপ প্রধানমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মতিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

ডা. জাফরউল্লাহ বলেন, জাতি আজ মহা সংকটে রয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত তখন দেশের জনগণ কোনোভাবেই নিরাপদ নয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ, লক্ষীপুর ও মিরপুরের কালশীর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী জড়িত থাকা সত্ত্বেও সরকার এদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। 

বিএনপির আন্দোলন কর্মসূচি প্রসঙ্গে ডা. জাফরউল্লাহ বলেন, দলটির চেয়ারপারসন বলেছেন ঈদের পরে সরকারবিরোধী আন্দোলন হবে। তবে কোন ঈদের পরে আন্দোলন হবে এটা তিনি নিশ্চিত করেননি। সেই ঈদ কবে আসবে? কোন ঈদের পর বিএনপি আন্দোলনে যাবে সেটা নিশ্চিত করতে হবে।
 
এম এ মতিন প্রসঙ্গে তিনি বলেন, মতিনের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করতে হবে।

বাংলাদেশ জাতীয় পার্টির প্রধান উপদেষ্টা ডা. এম এ মুকিদের সভাপতিত্বে স্মরণসভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মো. আওলাদ হোসেন বুলবুল, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহম্মদ রহমতউল্লাহ প্রমুখ।

ঢাকা, ১৯ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই