খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা জঙ্গি সংগঠন আইএস স্টাইলে গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছে। তাই এদেরকে কঠোর হাতে নির্মূল করা হবে।

মঙ্গলবার সকালে সাভারের আমিনবাজারে মীরপুর মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের হরতাল অবরোধ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। হরতাল অবরোধ এখনো চালু রেখে সারাদেশে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি নষ্ট করছে জঙ্গিদের নেত্রী খালেদা জিয়া।’

হরতাল অবরোধ প্রত্যাহার করে বিএনপিকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানান খাদ্যমন্ত্রী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, আমিন বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অকিল খন্দকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজি, বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মালেক, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, যুবলীগ নেতা আব্দুল কাইয়ুম প্রমূখ।

এমকে