দেশে হাজার হাজার গোল্ডেন এ প্লাস পাওয়া ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাত্র ২ জন যোগ্যতা অর্জনের মধ্য দিয়ে প্রমাণিত হয় দেশে শিক্ষার মানের কতটা অধঃপতন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন।
শুক্রবার বিকালে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে জাসদ/জেএসডি সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতা সংগঠকদের সভায় তিনি এ কথা বলেন।
আবদুল মালেক রতন বলেন, বোর্ড পরীক্ষায় রাজনৈতিক কারণে ছাত্রদেরকে পাশ করানো হচ্ছে। এ প্লাস ও গোল্ডেন এ প্লাস দেয়া হচ্ছে বিনা বিচারে।
তিনি বলেন, কিন্তু জ্ঞানার্জনের ক্ষেত্রে তেমন কিছুই হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধিকাংশ এ প্লাস পাওয়ারা ছাত্র পাশ মার্ক পেতেও ব্যর্থ হচ্ছে।
এ সভায় বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এস. এম রানা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন এস এম আনছার উদ্দিন, জাহাঙ্গীর আলম, এস এম শামছুল আলম নিক্সন, জিয়া উদ্দিন তৌহিদ, মহিন উদ্দিন বুলু, মো. হেলাল উদ্দিন প্রমুখ।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





