তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জঙ্গিবাদ, নাশকতা ও আগুন-সন্ত্রাস ছাড়া দেশে সাংবিধানিক বা রাজনৈতিক কোনো সমস্যা নেই। তাই সবার আগে এই নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
আজ বুধবার সকালে ব্যক্তিগত সফরে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। চিকিৎসা শেষে ১৬ ফেব্রুয়ারি তাঁর দেশে ফেরার কথা।
যাঁরা সংলাপের কথা বলছেন, তাঁদের অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘অনুগ্রহ করে নাশকতা ও আগুন-সন্ত্রাস বন্ধে বেগম খালেদা জিয়ার কাছে তদবির করুন, ধরনা দিন।’
ইনু বলেন, আন্দোলনের নামে জঙ্গিবাদী, আগুন-সন্ত্রাসী ও যুদ্ধাপরাধী—এই তিন গণতন্ত্রের শত্রুকে হালকা করা, আড়াল করা বা হালাল করা চলবে না। সরকার রাজনৈতিক কোনো দমন-পীড়ন করছে না, বরং জনগণের জানমাল বাঁচাতে আগুন-সন্ত্রাসীদের দমন করার জন্য আইনানুগ পদক্ষেপ নিয়েছে।
মন্ত্রী বলেন, ‘নাশকতাকারী ও আগুন-সন্ত্রাসীদের পরাজিত করার পরই কেবল অন্যান্য রাজনৈতিক বিষয়ে আলোচনা হতে পারে, এর আগে অন্য কোনো চিন্তা নয়।’
এএইচ





