প্রধানমন্ত্রীর এক গুয়েমীর কারনে শুধু দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র নয় গোটা জাতীর অস্তিত্ব আজ অবরুদ্ধ বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত কে এম ওবায়দুর রহমানের ৮ম মূত্যু বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

স্মরণ সভার আয়োজন করে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে মোয়াজ্জেম হোসেন বলেন, সালাউদ্দিন সম্পর্কে আপনি (প্রধানমন্ত্রী) বলেছেন, তাকে না কি ময়লার বস্তায় করে পাচার করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো কাদের মুখের ভাষা। যার শরীরে বঙ্গবন্ধুর রক্ত সে এমন আচরণ করতে পারে না।

কেউ কোনো কথা বললেই গুম হয়ে যাচ্ছে মন্তব্য করে শাহ মোয়াজ্জেম বলেন, মানুষ বাসা থেকে বের হয়ে তার প্রিয়জনের কাছে ফিরে যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। গুম-খুনের আতঙ্কে গোটা দেশ আজ ভীতসন্ত্রস্ত। এই কি আপনার মুক্তিযুদ্ধের চেতনা? স্বাধীনতার চেতনা?

সরকারের মন্ত্রীদের সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আপনার (প্রধানমন্ত্রী) সাথে যে সব চামচাগুলো আছেন তাদেরকে আমার মন্ত্রী বলতেও ঘৃণা হয়। এরা কারা? এদেরকে আপনি চেনেন? ২-১ জন ছাড়া সব আদর্শচ্যুত কনভার্টেড কমিউনিস্ট। যারা আপনার বাবার চামড়া দিয়ে ডুগডুগি বানিয়ে হাড় দিয়ে বাজাতে চেয়েছিল। তাদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। এরা আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে সেখান থেকে আর ফিরে আসতে পারবেন না।

তিনি বলেন, এই দিন শেষ নয়। উপরে আল্লাহ একজন আছেন। তিনি একদিন আপনার বিচার করবে। তখন আর কিছুই করার থাকবে না।

সভায় জাতীয়দাবাদী মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মুক্তিযোদ্ধা সানোয়ার হোসেন বলেন, বিএনপির মধ্যে কিছু ইঁদুর রয়েছে যারা সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নেয়ার জন্য কুট কুট করছে।

তিনি বলেন, দেশের সাধারণ মানুষের রক্তের উপর দিয়ে যে অবৈধ সরকার ক্ষমতা দখল করেছে তাদের অধীনে বিএনপির যারা নির্বাচনে অংশ নেয়ার স্বপ্ন দেখছে তাদের ঠ্যাং ভেঙ্গে দেওয়া হবে।

স্মৃতি সংসদের সভাপতি ও সাবেক মন্ত্রী টি এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন, জেএসডির সভপতি আ স ম আব্দুর রব, মরহুমের মেয়ে ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধা প্রজম্ম দলের সভাপতি শ্যামা ওবায়েদ প্রমূখ।

এমএ/এমকে