জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ‘দাওয়াতে’ থাকায় তার বাসভবন থেকে ফিরে আসলেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
কাদের সিদ্দিকী বুধবার রাত সোয়া ১০টার দিকে এরশাদের বারিধারার বাসভবনে পূর্ব নির্ধারিত সাক্ষাত করতে যান। এ সময় এরশাদ বাসায় না থাকায় কাদের সিদ্দিকী প্রেসিডেন্ট পার্কে ১৫ মিনিট অপেক্ষা করে ফিরে আসেন।
তবে কাদের সিদ্দিকী রাত সাড়ে নয়টার দিকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে তার বারিধারার কে সি মেমোরিয়াল হাসপাতালে সাক্ষাত করেন।
এ বিষয়ে এরশাদের ব্যক্তিগত সচিব মেজর (অব.) খালেদ আখতার বলেন, ‘স্যারের (এরশাদ) সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাত নির্ধারিত ছিল। কিন্তু স্যার একটি দাওয়াতে থাকায় সাক্ষাত হয়নি। অন্য এক সময় হবে।’
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী বলেন, ‘বঙ্গবীর কাদের সিদ্দিকী বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন। এরশাদ বাসায় না থাকায় বঙ্গবীরের সঙ্গে তার দেখা হয়নি।’
এএইচ





