র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অবিলম্বে বিলুপ্ত করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাতে গুলশান কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অবিলম্বে র‌্যাব বিলুপ্ত করতে হবে, তা না হলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।’
এছাড়া নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় যে ৩ জন র‌্যাব সদস্য জড়িত রয়েছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করার দাবিও জানান তিনি।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির সহ-ধর্ম বিষয়য় সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এম তরিকুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য রুহুল আলম চৌধুরী, যুগ্ম মহাসচিব সালাউদ্দীন আহমেদ প্রমুখ।
ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি) //জেডআই