আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারকচক্র বেশ কিছু ফেসবুজ আইডি ও পেজ খুলে কয়েকমাস যাবত জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার ও বিদ্বেষ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় মাসুদ সাঈদী নিজে বাদী হয়ে গত বুধবার রাজধানীর শাহজাহানপুর থানায় জিডি করেছেন। (জিডি নম্বর ১৪১১)।

মাসুদ সাঈদী বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই জিডির কথা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “আমি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, একটি প্রতারকচক্র বেশ কিছু ফেসবুক আইডি ও পেজ খুলে কয়েকমাস যাবত আমার নাম ও ছবি ব্যবহার করে জাতীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য প্রচার ও বিদ্বেষ ছড়ানো এবং টাকা চেয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছে।“

“আমার নাম ও ছবি ব্যবহার করে খোলা এইসব প্রতারকদের ফেসবুক আইডির ব্যপারে বিগত দিনে আমি আমার বেশ কিছু স্ট্যাটাসে আমার সকল বন্ধু ও শুভাকাংখীদের অবহিত করেছি এবং সাবধানতা ও সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছি“, মাসুদ সাঈদী বিবৃতিতে উল্লেখ করেন।

তিনি অভিযোগ করেন, জালিয়াত চক্রটি ঐ সকল আইডি থেকে ম্যাসেঞ্জার/ইমোতে দেশ বিদেশের আমার বন্ধু-শুভাকাংখীদের কাছে আমার পরম শ্রদ্ধেয় পিতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলা পরিচালনা/ দেশের বিভিন্ন এলাকায় মসজিদ নির্মাণ/ দু:স্থ মানুষকে সাহায্য প্রদান/ হাসপাতালে রুগীদের সহযোগিতা ইত্যাদি বিভিন্ন কারণ দেখিয়ে টাকা চাইছে। জানতে পেরেছি, কেউ কেউ ইতিমধ্যেই এদের দ্বারা প্রতারিতও হয়েছেন।

তিনি দাবি করেন, এটি এখন দিবালোকের মতোই ষ্পষ্ট যে, আমি ও আমাদের পরিবারের সদস্যদেরকে সমাজে হেয় করা, আমাদের পারিবারিক ও সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করা ও বিশেষ করে রাজনৈতিক ফায়দা হাসিলের হীন উদ্দেশ্যেই প্রতারক চক্র এ ধরনের কর্মকান্ড চালিয়ে আসছে।

“আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই, জাতীয় নেতৃবৃন্দ কিংবা সর্বজন শ্রদ্ধেয় আলেম উলামার বিরুদ্ধে হিংসা-বিদ্বেষ কিংবা কুৎসামূলক কোন বক্তব্য-বিবৃতি কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন স্ট্যাটাস আমি বা আমাদের পরিবারের কোন সদস্য কোনকালেই দেই নাই।“

বিবৃতিতে আরো বলা হয়, আল্লাহ তায়ালার সীমাহীন মেহেরবানীতে আজ পর্যন্ত কোন বিষয়েই আমি বা আমাদের পরিবার টাকা পয়সার জন্য কারো কাছে কখনোই কোন আবেদন নিবেদন করিনি। সে হোক ফেসবুক/ সরাসরি/ বা অন্য কোন মাধ্যমে।

মাসুদ সাঈদী আরো বলেন, আমার অনুমতি ব্যতিরেকে আমার নাম ও ছবি ব্যবহার করে যারা ফেসবুক আইডি বা পেজ খুলেছেন, যারা মিথ্যা পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করে জাল জালিয়াতির মাধ্যমে টাকা হাতিয়ে নিচ্ছেন তারা নিশ্চয়ই কোন সভ্য মানুষ হতে পারেনা। তারা সমাজের শত্রু, মানুষের শত্রু।

তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে আমি বা আমাদের পরিবারের কারো নাম বললেও আপনারা কেউই কারো সাথে টাকা লেনদেন করবেন না।

“যদি কখনো আমার আইডি থেকেও আপনাদের কারো কাছে টাকা চেয়ে কোন ম্যাসেজ যায়, তখনো আপনারা মেহেরবানী করে টাকা পাঠানোর চেষ্টা করবেন না। বরং আপনারা আরো বেশি সতর্ক হবেন, খোঁজ নেয়ার চেষ্টা করবেন কারন (আল্লাহ না করেন) আমার আইডিটিও যে কোন সময় হ্যাকারদের কবলে পড়ে যেতে পারে।“

কেবি