রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

অবশ্য জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সকাল নয়টা ২০ মিনিটে সমাবেশ মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় মঞ্চে কেন্দ্রীয় নেতারা না থাকলেও উপস্থিত কর্মীরা স্লোগানে স্লোগানে তাকে শুভেচ্ছা জানান। এরশাদও এ সময় হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এদিকে, মহাসমাবেশ ঘিরে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে তারা সমাবেশে আসেন।

সকাল নয়টার আগেই সোহরাওয়ার্দী উদ্যানের মাঠ নেতাকর্মীতে পূর্ণ হয়ে যায়। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে বাসে করে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ ও এর আশপাশের এলাকায় অবস্থান নিয়েছেন। সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সোহরাওয়ার্দী উদ্যান নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে।

জেড