বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন বলেন, সামাজিক অবক্ষয় মহামারিতে রুপ নিয়েছে। ফলে মানুষ চরম শঙ্কায় দিন যাপন করছে। এ অবস্থায় সামাজিক অবক্ষয় রোধে মাহে রমজানের শিক্ষাকে কাজে লাগাতে হবে।

তিনি আজ কুমিল্লার এক মিলনায়তনে ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর শাখার ব্রাহ্মণপাড়া উপজেলার উদ্যোগে মাহে রমজান উপলক্ষে কলেজ ছাত্রদের মাঝে কোরআন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা সভাপতি মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার সভাপতি শরীফুল ইসলাম সরকার, বিপাড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মু.ইউনুস, সহকারী সেক্রেটারি মু.রেজাউল, ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তরের অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল প্রমুখ।

শিবির সেক্রেটারি জেনারেল, দেশ জুড়ে সামাজিক অবক্ষয়ের জোয়ার চলছে। যার প্রভাবে অধ:পতন ঘটছে যুব সমাজের। শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি কোথাও আজ নৈতিকতার বালাই নেই। যার ভয়াবহ প্রভাব পড়ছে সমাজ ও রাষ্ট্রে। যাদের হাতে সমাজ গড়ে উঠবে তারাই হয়ে উঠছে সমাজ ধ্বংসের হাতিয়ার। ফল স্বরুপ একের পর এক নৃশংস ও বিভৎসহ ঘটনা ঘটছে। এ অবস্থায় সামাজিক অবক্ষয়ের হাত থেকে মুক্ত হয়ে শান্তিময় সমাজ গঠন করতে হলে রাসূলের আদর্শের দিকে অবশ্যই ফিরে আসতে হবে। আর এই মহান আদর্শের চর্চা এবং ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের উত্তম সময় হলো মাহে রমজান। মাহে রমজানের শিক্ষাকে সার্বিক জীবনে বাস্তবায়ন করতে পারি তাহলে অল্প সময়ের ব্যবধানে সামাজিক অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

তিনি বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠায় চাই সততা, ন্যায়পরায়ণতা, আদর্শবাদিতা প্রভৃতি মহৎ গুণাবলির সমন্বয়। মাহে রমজান এসব গুনাবলি অর্জনের সর্বত্তকৃষ্ট সময়। বিশেষ করে ছাত্রদেরকে এ সময়কে সর্বোচ্চ কাজে লাগাতে হবে। তাকওয়ার রঙ্গে নিজেকে রাঙ্গাতে হবে। রমজানের শিক্ষা সারা বছর ধারণ করতে পারলে সব সময়েই অশুভ শক্তির প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখা যাবে। সমাজ ও রাষ্ট্র শান্তিময় হয়ে উঠবে। সার্থক মানুষ ও সুন্দর সমাজ গঠনে মাহে রমজানের শিক্ষার কোনো বিকল্প নেই।

এসএম