বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সরকারের উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা সাজানো মামলায় জেলে দেবেন। আওয়ামী লীগ নির্বাচন দেবে। আর সেই নির্বাচনে বিএনপি যাবে- এমন পাগল বিএনপি হয়নি। বিএনপির কোনো নেতা খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেবে না।
তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময়ে আব্দুল মান্নান ভূঁইয়াদের পরিণতি দেশের মানুষ দেখেছে। এ ছাড়া খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না।শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা না হয় পুলিশের ভয়ে রাজপথে নামতে পারছি না। আপনি কাদের ভয়ে গণভবন থেকে বের হচ্ছেন না। আপনি দেশে আসছেন তাও ২০ দিন হয়েছে। আপনি যদি অসুস্থ হন প্রধান বিচারপতির মতো ছুটি নিচ্ছেন না কেন? আপনিও নেন।’
‘চলমান রাজনৈতিক সংকট আগামী জাতীয় নির্বাচন কোন পথে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী বন্ধু দল নামে একটি সংগঠন।
তিনি আরও বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা নির্বাচন দেয়ার শক্তি শেখ হাসিনার নেই। সরকারের যতই বিদেশি বন্ধু থাকুক, দেশের মানুষ খালেদা জিয়ার সঙ্গে আছে। ফলে দেশের মাটিতে খালেদা জিয়া-বিএনপি ছাড়া আর কোনো নির্বাচন হবে না।
প্রধানমন্ত্রীর উদ্দেশে গয়েশ্বর বলেন, আপনি দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে নেয়ার স্বপ্ন দেখছেন। এ স্বপ্ন মাথা থেকে ফেলে দেন। খালেদা জিয়াকে জেলে নিলে কিন্তু আপনাকেও জেলে যেতে হবে।
বিএনপির এ নেতা বলেন, আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করে কিছু হবে না। আলোচনা হবে যারা আইন মানে, বিধান মানে এবং কথা শুনে। আওয়ামী লীগ তো ভিন্নমত সহ্য করতে পারে না। ভিন্নমত হলেই গ্রেফতার ও মামলা দেয়া হয়।
নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর বলেন, দেশে এখন একটিই সংকট, তা হচ্ছে- গণতন্ত্রের অনুপস্থিতি। এখন আপনাদের চিন্তা করতে হবে- গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন নাকি আওয়ামী লীগকে মানবেন। জনগণ সরকারের ওপর ক্ষুব্ধ।
তাদের ক্ষোভকে কাজে লাগিয়ে যোগ্য সাহসী নেতৃত্ব দিয়ে দায়িত্ব পালন করতে পারছি না আমরা। এ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রতিশ্রুতি ও অঙ্গীকার করে আমরা ঘরে বসে আছি। রাজপথে নামছি না। এভাবে আন্দোলন হবে না।
সংগঠনের সভাপতি শরীফ মোস্তফা জামান লিটুর সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহদফতর সম্পাদক মুনির হোসেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া প্রমুখ।
এমএ





