বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কোন আপোস নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মঙ্গলবার সকালে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের প্রতিবাদে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে কোন আপোস নয়। এমনকি তার সাথে কোন সংলাপ বা আলোচনাও হবে না। নির্বাচন হবে ২০১৯ সালে এ পর্যন্ত তাকে (খালেদা জিয়া) অপেক্ষা করতে হবে।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে মায়া বলেন, বুধবার (৪ফেব্রুয়ারী) থেকে এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা কেন্দ্রে ছাত্র-ছাত্রী ও অভিবাবকরা নির্বিঘ্নে যেন যেতে পারে এ জন্য আপনারা প্রতিটি পরীক্ষা কেন্দ্রে পাহাড়া বসাবেন।

তিনি বলেন, আপনি (খালেদা) অশিক্ষিত। তাই শিক্ষার মান বুঝেন না। এসএসসি পরীক্ষায় সকল মতের ছেলে মেয়েরা অংশ গ্রহন করবে। তিনি (খালেদা) এখন দলের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করছেন।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন, উপ-দপ্তর সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।

এমআর/ এআর