দেশে এ পর্যন্ত বিনাবিচারে যত গুলো গুম, খুন ও নির্যাতনের ঘটনা ঘটেছে তার সবগুলোর তদন্ত এবং যতগুলোর তদন্ত হয়েছে তার সবগুলো প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন গণফোরাম সভাপতি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন।
শনিবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস ২০১৪ উপলক্ষে মৌলিক অধিকার সুরক্ষা কমিটি আয়োজিত জাতীয় সম্মেলনে তিনি এই দাবি করেন।
বিনাবিচারে কাউকে হত্যা করা যায় না। কাউকে বিনাবিচারে গুলি করা হবে একথা কেউ ভাবতে পারে না। বেঁচে থাকার অধিকার মৌলিক অধিকারগুলোর মধ্যে এক নম্বর অধিকার বলে মনতব্য করেন ড. কামাল হোসেন।
তিনি আরও বলেন, রাষ্ট্র যদি স্বাভাবিক অবস্থায় চলে তাহলে বিনাবিচারে কেউ গুম খুন ও নির্যাতনের শিকার হতে পারে না। কোনো সভ্য জাতি গুম, খুন মেনে নিতে পারে না।
ড. কামাল হোসেন বলেন, বিনাবিচারে হত্যা, গুম ও নির্যাতনের মধ্য দিয়ে দেশের পবিত্র সংবিধান এবং আইনকে লংঘন করা হচ্ছে। আইন ও সংবিধান লংঘনের জন্য জবাবদিহিতা আছে।
এখন যারা ক্ষমতায় আছেন তারা সত্যিকারের নির্বাচিত নয়, কথার অর্থে যদি ধরেও নি তারা নির্বাচিত তবে তাদেরকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। সকলে মিলে সেই জবাবদিহিতা আদায় করতে হবে বলে দাবি করেন এ সংবিধান প্রণেতা।
তিনি বলেন, দেশে একদিকে বিনাবিচারে মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হচ্ছেন। অন্যদিকে খুনের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে সাধারণ ক্ষমার নামে যুক্তিহীনভাবে ছেড়ে দেওয়া হচ্ছে।
জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক আসিফ নজরুল, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বামফ্রন্টের সাইফুল হক, জেড আই খান পান্না, খুশি কবির, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ প্রমুখ।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





