হেফাজতে ইসলাম বাংলাদেশের আরও এক নেতা হাফেজ মো: মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে (৪৩) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (২৮ এপ্রিল) বিকেলে তাকে গ্রেফতার করে ডিবি ওয়ারির ডেমরা জোনের একটি দল।

ডিবি ওয়ারির উপ-কমিশনার (ডিসি) আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার বিরুদ্ধে ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের সহিংসতায় নেতৃত্ব দেয়ার অভিযোগ রয়েছে। পাশাপাশি মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী সম্প্রতি পল্টন এলাকায় নাশকতার ঘটনায় সরাসরি জড়িত।

বুধবার গোপন তথ্যের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে ভাটারা থানাধীন ওয়াসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।