লতিফ সিদ্দিকীর বক্তব্যের সঙ্গে সরকার, দল বা মহাজোটের কোনো সম্পর্ক নেই। ওই বক্তব্য তার একান্ত ব্যক্তিগত বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

হজ পালনরত তথ্যমন্ত্রী মিনা থেকে টেলিফোনে এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে শুক্রবার তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কে টাঙ্গাইল সমিতির সঙ্গে মতবিনিময়কালে দেওয়া বক্তব্য লতিফ সিদ্দিকীর একান্ত  ব্যক্তিগত এবং এর দায়ভার তার নিজের।

হাসানুল হক ইনু তার বিবৃতিতে বলেন, সরকার ইসলামসহ কোনো ধর্মের বিরুদ্ধে বা কোনো ধর্মপ্রাণ নাগরিকের অনুভূতিতে আঘাতকারী কোনো বক্তব্যকে কখনো সমর্থন করে না।

লতিফ সিদ্দিকীর ধর্মবিরোধী বক্তব্যের কারণে প্রধানমন্ত্রী ইতোমধ্যেই তাকে শুধু মন্ত্রিসভা থেকেই নয়, দল ও জোটের সব দায়িত্ব থেকে অব্যহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যেহেতু লতিফ সিদ্দিকীর বক্তব্যের বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

ইনু বলেন, রাষ্ট্রপতি, ধর্মমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা সমন্বয়ে ১৩০ জনের বিশেষ প্রতিনিধি দলসহ এক হাজার ৫০৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৯৮ হাজারেরও বেশি বাংলাদেশি নাগরিক বেসরকারিভাবে বরাবরের মতো এ বছরেও সরকারের পৃষ্ঠপোষকতায় হজ পালন করছেন। 

ধর্মমন্ত্রী হজ্জ পালন সম্পর্কিত বিষয়াদি সরাসরি তদারকি করছেন।

বিবৃতিতে হজ পালনরত এবং দেশে-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশিকে পবিত্র ঈদ-উল-আজহার শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী সবাইকে আনন্দের সঙ্গে ঈদ উৎসব পালনের আহ্বান জানান।

এএইচ