হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজ আজ সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
মাদ্রাসার মুখপাত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পরে ফটিকছড়ির বাবুনগর গ্রামে পারিবারিক কবরস্থানে আল্লামা বাবুনগরীর দাফন করা হবে।
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাবুনগরীর লাশ এখন চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে রয়েছে।
বাবুনগরীরর খাদেম মাওলানা জুনায়েদ জানান, বুধবার সন্ধ্যার পর থেকে বাবুনগরীর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে তড়িঘড়ি করে অ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে হাসপাতালে নেয়া হয়।
৬৭ বছর বয়সি দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন দীর্ঘদিন ধরে হৃদরোগ, কিডনি ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন।
এমবি





