সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন বলে  মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দ্য হিন্দুকে এমন কথা বলেন। গতকাল এ কথা জানায় ভারতের প্রভাবশালী ওই পত্রিকা।

এতে শুভজিত বাগচি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের পর সন্দেহের তীর হানা হচ্ছে জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির দিকে। কিন্তু হাসানুল হক ইনু মনে করেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাসী গ্রুপগুলোকে প্রতিষ্ঠার জন্য দায়ী নন মমতা।

তিনি আরো বলেন, সন্ত্রাসী গ্রুপগুলোকে উৎসাহিত করেননি মমতা। এমন কর্মকাণ্ড অনেক বছর ধরে ভারতে অব্যাহত আছে। এ জন্য জঙ্গিরা অনেক বছর ধরে পশ্চিমবঙ্গকে নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে। তারা ভারতে প্রবেশের জন্য দুটি রুট ব্যবহার করে। এর একটি হলো জম্মু-কাশ্মির। অন্যটি হলো আসাম-ত্রিপুরা। এসব পথে জঙ্গিদের আনাগোনা একটি অব্যাহত প্রক্রিয়া ছিল। তাই এ জন্য মমতাকে দায়ী করা যায় না।

মন্ত্রী ইনু বলেন, আমাদেরকে স্মরণ রাখতে হবে যে পরিস্থিতি গুরুতর। ১৯৭১ সালে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালত রায় দিচ্ছেন, ঠিক এ সময়ে জামায়াতে ইসলামী সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা পাকিস্তান থেকে অস্ত্র ও সমর্থন আনতে ব্যবহার করছে ভারতীয় ভূখণ্ডকে ও এর বিভিন্ন রুটকে। এ প্রবণতা থামাতে হবে ভারতকে।

এএইচ