রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে কক্সবাজার থেকে ঢাকা ফেরার পথে ফেনীর মহিপালে খালেদা জিয়ার বহরের কাছে দুটি বাসে পেট্রল বোমা মেরেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বিকেল সাড়ে চারটার দিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহর ফেনীর মহিপাল অতিক্রম করছিল।

এ সময় সেখানে একটি পেট্রল পাম্পের ৩০০ গজ দূরে দাঁড়িয়ে থাকা দুটি বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাস দুটিতে আগুন ধরে যায়। তবে ওই বাস দুটিতে কেউ ছিল না বলে জানা গেছে।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গত শনিবার ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে ফেনীর প্রবেশমুখে খালেদা জিয়ার গাড়িবহরের পেছনের দিকে থাকা গণমাধ্যমকর্মীদের গাড়িতে হামলা হয়।

এমএ