বিএনপির নিখোঁজ যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ বলেছেন, তার ছেলেমেয়েরা প্রতিনিয়ত তার কাছে তাদের বাবার খোঁজখবর জানতে চান কিন্তু তিনি কোনো জবাব দিতে পারেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক প্রতিবাদী যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজের ৩ বছর পূর্ণ হওয়া এবং সালাহ উদ্দিন আহমেদসহ নিখোঁজ নেতৃবৃন্দের অবিলস্বে ফেরত দেয়ার দাবিতে এ সভার আয়োজন করা হয়।

সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ বলেন, ‘আজকে প্রায় ১ মাস ১০দিন হলো আমার স্বামী নিখোঁজ। আমার স্বামীকে আইনশৃংখলা বাহিনী যেভাবে অক্ষত অবস্থায় তুলে নিয়ে গেছে আমি বার বার বলছি সেভাবেই ফেরত চাই, কিন্তু তারা কোনো উদ্যোগেই গ্রহণ করছে না।’

হাসিনা আহমেদ বলেন,‘একটি পরিবারের অভিভাবককে যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন সেই পরিবারের সদস্যরাই শুধু বুঝতে পারে হারানোর বেদনাটা কি। আমার ছেলেমেয়েরা প্রতিনিয়ত আমাকে প্রশ্ন করে- আম্মু, বাবার কোনো খোঁজ পেলে? আমি কোনো জবাব দিতে পারি না।’

তিনি বলেন, তারা তো কোনো অন্যায় করেনি, তাহলে তারা কেন তাদের বাবাকে হারাবে।

গত ১০ মার্চ সালাহ উদ্দিন আহমেদকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন হাসিনা আহমেদ। তবে আইনশৃঙ্খলা বাহিনী তা অস্বীকার করেছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে এই সমাবেশে আরো বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, অ্যাড.আহমেদ আজম খান, ব্যারিস্টার পারভেজ আহমেদ, আবেদ উল্লাহ প্রমুখ।
এমএইচ