জাতীয় সংলাপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া বিবৃতিকে ‘রাবিশ’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

এর আগে একাধিকবার গণমাধ্যমের সামনে অর্থনৈতিক বিভিন্ন বিষয়ের প্রতিক্রিয়ায় এই শব্দটি বলে সমালোচনার মুখে পড়া অর্থমন্ত্রী শুক্রবার সিলেটে একটি অনুষ্ঠানে প্রথম কোনো রাজনৈতিক বিষয়ে এই মন্তব্য করলেন।

আগের দিন যুক্তরাজ্যে অবস্থানরত খালেদা জিয়ার পক্ষে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশে ‘ক্রান্তিকাল’ চলছে দাবি করে দেশ ও জাতির স্বার্থে সংকট উত্তরণে সরকার ‘কর্তৃত্ববাদী মনোভাব’ থেকে সরে এসে জাতীয় সংলাপ সূচনার পরিবেশকে তৈরি করবে বলে আশা প্রকাশ করেন বিএনপি চেয়ারপারসন।

সাংবাদিকরা খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, “টোটাল রাবিশ, অল স্টেটমেন্ট ইজ রাবিশ, রাবিশ।”

এর ব্যাখ্যা চাওয়ার কোনও সুযোগ না দিয়ে দ্রুত গাড়িতে উঠে চলে যান তিনি।

সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্কাই সিটি মিনি ম্যরাথন দৌড় প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহিত।

প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০০ জনের মধ্যে ১৮৪ জন সিলেট জেলা স্টেডিয়ামে প্রান্তসীমা অতিক্রম করতে সক্ষম হন।

এভারেস্ট একাডেমি ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন শাকিল মিয়া।

এমআর