মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় চক্রবর্তীর হাতে অপহরণের দু'দিন পর স্কুলছাত্রী মুনমুন আক্তারকে (১৩) উদ্ধার করেছে পুলিশ।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা গ্রাম থেকে পুলিশ শুক্রবার দুপুরে তাকে উদ্ধার করে। মুনমুন শহরের উত্তর সেওতা এলাকার আবদুল কাদেরের মেয়ে।
বুধবার শহরের আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যাওয়ার পথে সে অপহৃত হয় বলে স্বজনরা জানিয়েছেন।
পুলিশ ও মুনমুনের স্বজনরা জানান, মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় চক্রবর্তী বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মুনমুনকে উত্ত্যক্ত করতো। বিষয়টি মুনমুনের বাবা-মা বিদ্যালয় কর্তৃপক্ষ ও হৃদয়ের অভিভাবককে অবহিত করেন।
এতে হৃদয় আরো বেপরোয়া হয়ে একইভাবে মুনমুনকে উত্ত্যক্ত করতে থাকে। বুধবার দুপুর ১টার দিকে পরীক্ষা দিতে গেলে শহরের শহীদ রফিক সড়ক থেকে ৪/৫ জনকে সঙ্গে নিয়ে হৃদয় অটোরিকশাযোগে মুনমুনকে অপহরণ করে নিয়ে যায়।
অনেক খোঁজাখুজির পর এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় হৃদয়কে প্রধান এবং তার বন্ধু প্রান্ত, রাব্বি, সংগীত ও জুয়েলকে সহযোগী আসামি করে অপহরণ মামলা করেন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালায়। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ ওই গ্রামের একটি রাস্তা থেকে মুনমুনকে উদ্ধার করে।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলেও জানান ওসি।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]