আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপির উদ্দেশে বলেছেন, ‘মাথা ঠাণ্ডা রাখুন, আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির পায়তারা করা হলে তা প্রশাসন কঠোরভাবে দমন করবে। কারণ একটি নির্বাচনের মাধ্যমে এ সরকার দেশ পরিচালনা করছে। তাই একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে আন্দোলন করার আগে চিন্তা ভাবনা করতে হবে।’

সিরাজগঞ্জ জেলার কাজীপুরের সোনামুখীতে বঙ্গবন্ধু কলেজ জাতীয়করণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

তিনি বর্তমান সরকারের বিদ্যুৎ, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রের অগ্রগতির উল্লেখ করে আরও বলেন, ‘বঙ্গবন্ধু কলেজে লেখাপড়ার পরিবেশ উন্নয়ন হলে অবশ্যই এই কলেজকে জাতীয়করণ করা হবে।’

কলেজের প্রতিষ্ঠাতা সিদ্দিক হোসেনের সভাপত্বিতে জনসভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সোনামুখীতে ১৪০ পরিবারে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও ইছামতি নদীর উপর ১শ ৪০ মিটার ব্রিজের উদ্বোধন করেন। এ সময় পল্লী বিদ্যুতের জিএম তুষার কান্তি দেবনাথ, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার শাফিউল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই