মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বুধবার দুপুর ৩টা ৫ মিনিটে প্রিজনভ্যানে করে কড়া পুলিশি প্রহরায় তাকে কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার ফরমান আলী জানান, কারাগারে ফাঁসির আসামিদের যে পোশাক পড়ানো হয় মতিউর রহমান নিজামীকে সে পোশাক পড়ানো হবে।

এর আগে, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে ১৬টি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে ৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এই ৮টি অভিযোগের মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে নিজামীকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল। ১, ৩, ৭ ও ৮ নম্বর অভিযোগে তাকে যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়েছে।

জেইউ/জেআই