দেশের সম্পদ লুটপাট করার জন্যই বিএনপির প্রতিষ্ঠা হয়েছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠা হয়েছিলো দেশের সম্পদ লুটপাট করার জন্য। বিএনপি নেতাকর্মীদের কথাবার্তা, চিন্তা চেতনায় প্রমাণ হয়, বিএনপি নামক দলটি প্রতিষ্ঠা হয়েছিলো এই দেশের সম্পদ লুটপাট এবং ৭১’র পরাজিতদের রক্ষা করার জন্য। এরা দেশের উন্নয়ন চায় না, দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় না। এরা সব সময় চায় নিজের উন্নয়ন করতে, যা তারা সব সময় করে গেছে।

রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এইসব কথা বলেন।

বিএনপির উদ্দেশ্যে হানিফ বলেন, “আমরা শুধু পরিষ্কার ভাবে বলে যেতে চাই, আপনারা যে অপকর্ম করেছেন গণতন্ত্রের দোহাই দিয়ে তা মুছে যেতে পারবেন না। অপকর্ম করেছেন ক্ষমতায় থাকতে, অপকর্ম করেছেন ক্ষমতায় বাইরে থাকতে। এসব অপকর্মের বিচার চলছে, বিচার চলবে এবং এর জন্য আপনাদের অনেক নেতাকর্মীকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।”

এর আগে তিনি ৮৯ কোটি টাকা ব্যায়ে কুমারখালী-যদুবয়রা সংযোগ গড়াই সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন।

কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের সভাপতিত্বে সমাবেশে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ.ক.ম সরওয়ার জাহান বাদশা বক্তব্য রাখেন। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।  

এমবি