খালেদা জিয়া আন্দোলনে ব্যর্থ হয়েছেন। দীর্ঘ আন্দোলন করে উনি এখন টায়ার্ড; অবসর নিয়েছেন। একদিন তিনি রাজনীতি থেকেও অবসর নিবেন বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স রুমে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক আয়োজিত ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া স্বাধীনতা বিরোধীদের নিয়ে রাজনীতি করছেন। যারা সরাসরি পাকিস্তানির পক্ষে ছিল তাদের নিয়েই তিনি রাজনীতি করছেন। আর তাতে জাতির সংশয় হয় যে, আপনি (খালেদা জিয়া) কতটুকু স্বাধীনতায় বিশ্বাসী।

মুজিবুল হক আরো বলেন, আজকে পাকিস্তানের কোনো খারাপ অবস্থা দেখলে খালেদা জিয়ার কষ্ট লাগে। এতে বুঝা যায়, উনার এখনো পাকিস্তানের প্রতি দরদ আছে।

আপনার কাছে পাকিস্তান আর বাঙ্গালির কাছে আজিমপুরের গোরস্তান। জামায়াত-শিবিরকে নিয়ে রাজনীতি করায় নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে। শীঘ্রই সবার সামনে তা প্রকাশ পাবে।

তিনি বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করে খালেদা জিয়া হরতাল অবরোধ দিয়ে সরকারের কোটি কোটি টাকা নষ্ট করেছেন। পেট্রোল-বোমা মেরে মানুষ হত্যা করেছেন।

রেলমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কোনো ব্যক্তির নয়, তিনি পুরো জাতির। জাতির চুড়ান্ত সিদ্ধান্তের স্বীকৃতি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু।

তিনি বলেন, বাঙ্গালিদের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, এই জন্য জাতির এ স্বীকৃতি।    

সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, খাদ্য প্রতিমন্ত্রী ‍নুরুজ্জামান আহমেদ, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, বিশিষ্ট সমাজ সেবক আনিসুর রহমান প্রমূখ।

এমএ/এসএইচ