গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার বলেছেন, যুদ্ধাপরাধীদের রায় পরিবর্তনের মাধ্যমে সরকার যে রাজনীতি শুরু করেছে তাতে সুস্পষ্টভাবে সরকার জামায়াতের পক্ষে অবস্থান নিয়েছে।
শুক্রবার বিকালে শাহবাগে ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি আর জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ’ করার দাবিতে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ডা. ইমরান বলেন, ৪৭ ধারার মাধ্যমে রাষ্ট্র পক্ষের যে রিভিউ আবেদনের সুযোগ থাকে অ্যাটর্নি জেনারেল তা এখনও স্পষ্ট করেননি যে রিভিও আবেদন করবেন কি-না। অপরদিকে সংবিধানের ৪৯ ধারায় রাষ্ট্রপতির ক্ষমতার যে আইন রয়েছে তা বাতিলের জন্য গণজাগরণ মঞ্চ বার বার দাবি জানালেও তা বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ নেই।
তিনি দাবি করেন, যুদ্ধাপরাধীদেরর সঙ্গে সরকারের যে আঁতাতের প্রশ্ন উঠেছে, রায় পরিবর্তনের মাধ্যমে তা আরও সুস্পষ্ট হয়ে উঠেছে।
পরে তিনি গণজাগরন মঞ্চের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন।
১৯ অক্টোবর আইন মন্ত্রণালয়ের দিকে পদযাত্রা।
১৪-১৫ নভেম্বর সারাদেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের নিয়ে জাতীয় কনভেনশন।
১৩ নভেম্বর পর্যন্ত কনভেনশনের প্রচারণার জন্য জাগরণ যাত্রা।
এ সমাবেশে ভাষ্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী বলেন, লাখ লাখ শহীদ পরিবার যুদ্ধাপরাধীদের বিচারের জন্য অপেক্ষা করছে। যুদ্ধাপরাধীদের ফাঁসির মাধ্যমে জাতিকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উদীচীর সহ-সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন, ডাকসুর সাবেক জিএস মোস্তফা হোসেন, রাকসুর সাবেক ভিপি রাগিব হাসান, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লাকি আক্তার প্রমুখ।
ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





