জাতীয় পার্টির (জাপা) ঢাকা জেলা শাখার সভাপতি ফের নির্বাচিত হলেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। তিনি জাপার প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টির ঢাকা জেলা শাখার সম্মেলনে সভাপতি হিসেবে তার নাম ঘোষণা করেন পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের এমপি।
এর আগে পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করে সম্মেলনের উদ্বোধন করা হয়।
রাজধানীর যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের ‘মহল’ হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জিএম কাদের এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহাসচিব ও বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। অনুষ্ঠানে পার্টির কেন্দ্রীয় নেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এমবি





