বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে রাজধানীর শাহজাহানপুরে মিছিল বের হলে তাতে গুলি বর্ষণ করে পুলিশ।
এ সময় মিছিলকে লক্ষ্য করে পুলিশের ছোড়া ছররা গুলিতে ওয়ার্ড কমিশনার হারুনসহ ১২ জন গুলিবিদ্ধ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাঁতীদলের সহা-সভাপতি ও মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম সাংবাদিকদের জানান, পুলিশের গুলিতে সাবেক ওয়ার্ড কমিশনার হারুন ছাড়াও বিএনপি কর্মী সেলিম, লিটন, রাজা, রাজু, আলমগীসহ ১২ জন গুলিবিদ্ধ হয়। তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, আজ (সোমবার) বেলা সোয়া একটার দিকে ঢাকা মহানগর বিএনপির আহবায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে একটি মিছিল বের হয়।
৫ জানুয়ারির একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে অবৈধ আখ্যায়িত করে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শাহজাহানপুর এলাকা থেকে মিছিলটি বের হয়।
বিএনপি নেতৃত্বাধীন প্রধান বিরোধী রাজনৈতিক জোটের বয়কটের মধ্যে অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে এমন নানা স্লোগান দিয়ে মিছিলটি কিছুদূর অগ্রসর হলেই বিপরীত দিক থেকে পুলিশ হামলা চালায়।
এ সময় পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপের পাশাপাশি ছররা গুলি বর্ষণ করলে হতাহতের এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ এ পর্যন্ত ২ জনকে আটক করেছে বলে জানা গেছে।
কেবি





