বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পা এবং জামায়াতের মাজা ভাঙ্গা, এ নিয়ে যারা ক্ষমতায় যাওয়ার কথা ভাবছে তারা পাগলের দেশে বাস করছে বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

রোববার সকালে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট আয়োজিত হরতাল বিরোধী মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মায়া বলেন, নিজামী রায়ে সারা বাংলাদেশের মানুষ খুশি হয়েছে। আর খালেদার মদদে জমায়াত হরতাল ডেকেছে। প্রকৃত পক্ষে বিএনপিই এই হরতাল ডেকেছে। খালেদা ও জামায়াতে গালে চপেটাঘাত করে দেশের মানুষ হরতাল প্রত্যাখান করছেন।

তিনি বলেন, গতকাল খালেদা জিয়া নাটোরে যে বক্তব্য দিয়েছে কোন রাজনৈতিক নেতা এমন বক্তব্য দিতে পারে না। তার বক্তব্য মিথ্যাচারে ভরা। তিনি মিথ্যা বক্তব্য দিয়ে দেশের মানুষকে উস্কানি দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত ও তার সহযোগিদের ডাকা হরতাল দেশের মানুষ প্রত্যাখান করেছেন। দেশের কোথাও হরতাল পালন হচ্ছে না। গাড়ি চলছে। দোকান-পাট খুলছে। তাই হরতাল আহ্বানকারীদের নাকে খত দিয়ে আগামীকালের হরতাল প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি।

সংগঠনের সভাপতি আব্দুল হক সবুজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

এমআর/ইআর