বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের দমনে  আরও কিছু সময় লাগবে বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত রাজধানীর পাবলিক লাইব্রেরীর সেমিনার হলে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সমালোচনা করে মন্ত্রী বলেন, তিনি নিজেই নিজেকে জাতির কাছে তুচ্ছ করেছেন। কারন একজন সাবেক রাষ্ট্রপতি কখনোই রাজনীতিতে থাকেন না। আর থাকতে হলে তাকে নিয়ে সমালোচনা করবেই।
তিনি বলেন, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন আমাদের দলের কাণ্ডারি। তিনি বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য ছিলেন। নেতার প্রতি আনুগত্য থাকা হল আদর্শ, আর নেতার প্রতি শ্রদ্ধা থাকাই হল নীতি। এই নীতিতে জিল্লুর রহমান সব সময় অটল ছিলেন। তার মত রাজনৈতিক নেতা আমাদের এখন খুবই প্রয়োজন।
সংগঠনের সাধারন সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদ, শাহজাহান আলম সাজুপ্রমুখ।
ঢাকা,এমআর,২০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ