বিএনপি‘র মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র বিনির্মানে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার এর ভূমিকা ছিল অসাধারণ।
বিএনপি’র সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ১৬তম মৃত্যুবার্ষিকীতে বুধবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এসব কথা বলেন।
তার আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি আরও বলেন, ছাত্রজীবন থেকে প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত হয়ে এক পর্যায়ে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ে তিনি সবসময় থেকেছেন সম্মুখ কাতারে।
রিপন বলেন, ৮০’র দশকে স্বৈরশাসনের অবসানের লক্ষ্যে বিএনপি’র নেতৃত্বে ৭ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান হিসেবে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি এদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাত্রা সংযোজনে ভূমিকা রাখেন। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অসাধারণ।
দলের প্রতি তার অবদানের কথা স্বীকার করে রিপন বলেন, বিএনপি মহাসচিবের দায়িত্ব পালনকালে সালাম তালুকদার দলকে সুসংগঠিত ও শক্তিশালী করেছেন।
স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্র উত্তরণে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
প্রসঙ্গত, ১৯৯৯ সালের ২০ আগস্ট উন্নত চিকিত্সার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেয়ার পথে ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি ও সালাম তালুকদার স্মৃতি ফাউন্ডেশন আগামীকাল ২০ আগস্ট বৃহস্পতিবার দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
এমএইচ





