ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দরে তাকে ঘেরাওয়ের হুমকি দিয়েছে খেলাফত মজলিস।
তিনি যে দিন দেশে আসবেন, সেদিন তাকে গ্রেফতারের দাবিতে বিমানবন্দর ঘেরাও করা হবে।
হজ ও মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে খেলাফত মজলিসের প্রতিবাদ সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।
বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের ঢাকা মহানগর সভাপতি এনামুল হক নূরের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালাল উদ্দীন প্রমুখ।
বক্তারা বলেন, তাকে (আব্দুল লতিফ সিদ্দিকী) শুধু মন্ত্রিসভা থেকে বহিষ্কার করলেই হবে না, তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
তারা বলেন, ইসলামের বিরুদ্ধে কেউ কটূক্তি করলে আলেম সমাজ বসে থাকবে না। এখন সময় এসেছে, মাঠে নেমে প্রতিবাদ জানানোর।
বক্তারা লতিফ সিদ্দিকীকে ‘কুলাঙ্গার’ আখ্যা দিয়ে বলেন, তিনি যেদিন দেশে আসবেন, তাকে গ্রেফতারের দাবিতে সেদিন বিমানবন্দর ঘেরাও করা হবে।
এদিকে, একই দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ কল্যাণ পার্টি। এই মানববন্ধনে উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বীরপ্রতীক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত মহাসচিব আমিনুর রহমান, যুগ্ম মহাসিচব নূরুল কবির পিন্টু, ভাইস চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না প্রমুখ।
কেএইচ





