বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডঃ আবদুল মঈন খান বলেছেন, বিএনপি তথা জাতীয়তাবাদী শক্তি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী। সংলাপের মাধ্যমেই চলমান সংকট সমাধানে বিশ্বাসী ২০ দলীয় জোট। সরকার যদি সংলাপের মাধ্যমে সংকট সমাধান না হলে আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় করতে হবে।
শনিবার বিকালে মহাখালিস্থ চেয়ারম্যান কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখছিলেন। কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক-এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মশিউল আলম, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি, মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, এনডিপি চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা, মহাসচিব আলমগীর মজুমদার, এলডিপি মহাসচিব ডঃ রেদোয়ান আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব সাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ লেবার পার্টি সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামিক পার্টি চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, পিপলস্ লীগ সভাপতি এডভোকেট গরীবে নেওয়াজ, বিএমএল ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ডিএল সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, জাগপা সহ-সভাপতি মহিউদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক আসাদুর রহমান খান, স্বাধীনতা ফোরাম বিএনপি নেতা সভাপতি আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ, বিজেপি প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন মতিন প্রকাশ, কল্যাণ পার্টি প্রেসিডিয়াম সদস্য প্রফেসর ডঃ ইকবাল হাসান মাহমুদ, কাহির মাহমুদ এফসিএ, এডভোকেট আজাদ মাহবুব, ভাইস চেয়ারম্যান সাহিদুর রহমান তামান্না, অর্থ বিষয়ক সম্পাদক নুরুল কবির ভুইয়া পিন্টু, মহানগর সভাপতি আলী হোসেন ফরায়েজী-সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
তিনি বলেন, বর্তমান সরকার জনগনের প্রতিনিধিত্ব করে না। ভোটবিহীন নির্বাচিত সংসদ জনগনের ও গণতন্ত্রের কোন কল্যাণ করতে পারে না।
ডঃ মঈন খান বলেন, বাংলার স্বাধীনতা-সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। নির্বাচন আর ভোট হলেই গণতন্ত্র হয় না। ভোটারবিহীন নির্বাচন দিয়ে গনতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে বাংলাদেশ ধীরে ধীরে সার্বভৌমত্ব হারাতে বসেছে, দেশের ভবিষ্যত নিয়ে দেশবাসী শংকিত। বিভক্তি আর প্রতিহিংসার রাজনীতির কারণে দেশবিরোধী অপশক্তি বার বার মাথাচাড়া দিয়ে উঠছে। এই পরিস্থিতিতে দেশ ও গণতন্ত্র বাঁচাতে রাজনীতিকদের দেশপ্রেমের আদর্শকে ধারণ করতে হবে।
সভাপতির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেছেন, আজ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অতিত থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ভোট হলেই যেমন গণতন্ত্র হয় না তেমনই শুধু নির্বাচিত হলেই একটি সরকার গণতান্ত্রিক হয় না। নির্বাচিত সরকার যখন জনগণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে তখন তারাও স্বৈরাচারে পরিনত হয়।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





