মাদারীপুর সদর উপজেলার পরিষদ নির্বাচন শুরু হচ্ছে কাল মঙ্গলবার (১৮ জুন)। এই নির্বাচনে নৌকা প্রতীক পান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কৃষিবিদ আফম বাহাউদ্দিনের অনুসারী।

অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট ওবায়দুর রহমান খান সাবেক নৌপরিবহন মন্ত্রী ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের ছোটভাই।

ভোটারদের সাথে কথা বলে জানা যায়, মাদারীপুরে শাজাহান খান ও বাহাউদ্দিন নাছিমের আধিপত্য দীর্ঘদিনের। দলীয় বিভিন্ন কর্মসূচী, রাজনৈতিক কর্মসূচী দুপক্ষই আলাদাভাবে পালন করে আসছে এক যুগেরও বেশি সময় ধরে।

এবারের উপজেলা পরিষদ নির্বাচনে দুপক্ষের ইজ্জতের লড়াইয়ে পরিণত হয়েছে। দুপক্ষই নির্বাচনে জয় পেতে মরিয়া হয়ে ওঠে। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে। সভা-সমাবেশ, মিটিং-মিছিলসহ নানা কর্মসূচী করেন তারা।

প্রভাবশালী দুই নেতার পছন্দের প্রার্থীরা চেয়ারম্যান পদে নির্বাচন করায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এদিকে নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ইতিমধ্যে অর্ধশত মানুষ আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। তবে, ভোটাররা চান সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন।

ভোটার জানান, তারা পছন্দের প্রার্থীকেই ভোট দিতে চান। প্রশাসন ও সরকারের কাছে তাদের চাওয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন। তারা নির্বাচনে কোন ঝামেলা চান না। বিগত দিনে দুপক্ষ আধিপত্য ও নির্বাচন নিয়ে মারামারি করে, আর এর খেসারত দিতে হয় সাধারণ জনগণকে। তাই ভোটকেন্দ্রে যাওয়া ও ভোট দিয়ে বাড়িতে ফিরে আসার সুষ্ঠু পরিবেশ চান তারা।

মাদারীপুর জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ১শ’ ১৫টি কেন্দ্রের ৬শ’ ৪৮টি কক্ষে ২ লাখ ৬৬ হাজার ৫শ’ ১৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৩শ’ ৩৫ জন ও নারীর ভোটারের সংখ্যা ১ লাখ ৩১ হাজার ১শ’ ৬০ জন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান বলেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশা রয়েছে।

মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজল কৃষ্ণ দে বলেন, 'নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রশাসনের সহযোগিতা চাই। দলীয় নেতাকর্মীরা ভোট দিতে পারলে নৌকার বিজয় সুনিশ্চিত।

মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. ওয়াহিদুল ইসলাম জানান, ৩টি কেন্দ্রের জন্য একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। ভোট শান্তিপূর্ণ করতে প্রশাসন তৎপর রয়েছে। কোন ধরনের নাশকতা কিংবা অপ্রতিকর পরিবেশ তৈরি হতে দেয়া যাবেনা। এছাড়া ৪ প্লাটুন বিজিবিও নির্বাচনের কাজে দায়িত্ব পালন করবেন।

এবিসিদ্দিক/এএস