স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, দেশের উন্নয়নের ধারা এগিয়ে নিতে চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা অনেক প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রেখেছেন।

সোমবার বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা পরবর্তী সংবাদ ব্রিফিংয়ে নাসিম এ কথা বলেন।

ভারতের সংসদে স্থলসীমান্ত চুক্তি বিল পাসসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে নাগরিক কমিটি। আগামী ২৯ মে শুক্রবার বিকেলে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গণসংবর্ধনা দেওয়া হবে। ওই গণসংবর্ধনা সফল করতে ঢাকা, ঢাকা মহানগর ও ঢাকার আশপাশের জেলাগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংসদদের সঙ্গে এই যৌথসভা হয়। এতে সভাপতিত্ব করেন মোহাম্মদ নাসিম। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পরে সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসিম বলেন, শেখ হাসিনা কোনো গুলি না ছুড়ে, এক ফোঁটা রক্ত বিনিময় না করে টেবিলে বসে পার্বত্য শান্তিচুক্তি করেছেন। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তি করেছেন। এখন মুজিব-ইন্দিরার চুক্তির আলোকে ভারতের পার্লামেন্টে স্থল সীমান্ত বিল পাস হলো। উন্নয়নের ধারায় আসতে চাইলে শেখ হাসিনার বিকল্প নাই।

গণসংবর্ধনায় ঢাকাবাসীকে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে নাসিম বলেন, ‘ওই দিন ঢাকা শহরে ইতিহাস সৃষ্টি হবে। মোদি ঠিকই বলেছেন—‘বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। আর শেখ হাসিনা স্বাধীনতা রক্ষা করেছেন।’ ’ শেখ হাসিনা স্থলসীমান্ত চুক্তিসহ নানা অবদান রেখে চলেছেন। ২৯ তারিখ এর কিছুটা প্রতিদান দেওয়ার চেষ্টা করব।’

কেএইচ