শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে একটি মহল তড়িঘড়ি করে জামায়াতের বিচার চাইছে। তিনি বলেন, আইনের বিধান মেনে আটঘাট বেধে জামায়াতের বিচার করা হবে। তিনি আইনের শাসন সমুন্নত রাখতে জাতির বিবেক হিসেবে আইনজীবীদেরকে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবান জানান।
শিল্পমন্ত্রী শনিবার বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, ঢাকা বার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান। রাজধানীর ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমির হোসেন আমু বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে যারা গণতন্ত্র ও আইনের শাসন বাঁধাগ্রস্থ করার ষড়যন্ত্র করেছিলো, ঠিক তারাই বর্তমানে দেশে একই অবস্থা সৃষ্টির লক্ষ্যে আবারও সক্রিয় হয়ে ওঠেছে। তাদের এ ষড়যন্ত্র কোনো ব্যক্তি, দল বা সরকারের বিরুদ্ধে নয়, বরং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে।
যারা সংবিধান, জাতীয় পতাকা ও জাতীয় সংগীতকে চ্যালেঞ্জ করে, তাদের বিরুদ্ধে তিনি স্বাধীনতার চেতনায় বিশ্বাসী সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, ’৭৫ পরবর্তীতে দেশে আইনের শাসন ছিলো না বলে ২১ বছর পর্যন্ত বঙ্গবন্ধু হত্যা মামলার এফ.আই.আর করা সম্ভব হয়নি। আজ যারা যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলছেন, তারাও কখনো বঙ্গবন্ধু হত্যার বিচারের ব্যাপারে সোচ্চার হন নি।
আইনের শাসন মেনে এবং সব আইন প্রতিপালন করে বঙ্গবন্ধু হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একইভাবে আইনের বিধান মেনে জামায়াতের বিচার করা হবে বলে তিনি জানান। তিনি আইনজীবীদের পেশাগত উন্নয়নে সম্ভব সবধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন।
খাদ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে জামায়াতের বিচার প্রসঙ্গে আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্য যথার্থ। তিনি বলেন, গবেষণা ও ট্রাইবুনালের বিচার এক কাজ নয়। বিচারের ক্ষেত্রে অতি উৎসাহের কোনো সুযোগ নেই।
জামায়াতের সাথে বর্তমান সরকারের আঁতাতের কোনো প্রশ্নই ওঠে না। এ বিষয়ে কোনো ধরণের বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। জামায়াতের বিচার নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি ছড়ানো প্রকারান্তরে যুদ্ধাপরাধীদের সহায়তা করার সামিল বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী অ্যাড্ভোকেট আনিসুল হক এম.পি এবং খাদ্যমন্ত্রী অ্যাড্ভোকেট কামরুল ইসলাম এম.পি। বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাড্ভোকেট সাহারা খাতুন এম.পি সম্মেলন উদ্বোধন করেন।
বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ, ঢাকা বার শাখার সভাপতি শেখ হেমায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য সৈয়দ রেজাউর রহমান, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ আবু, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কাজী নজিবউল্লাহ হিরু ও সরদার মোঃ সুরুজ্জামান, অ্যাড্ভোকেট মমতাজ উদ্দিন মেহেদী, অ্যাড্ভোকেট আবদুর রহমান হাওলাদার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সামিউল হক (সামু) বক্তব্য রাখেন।
[b]ঢাকা, ৩১ মে (টাইমনিউজবিডি.কম) // এমআর[/b]
রাজনীতি
আটঘাট বেধে জামায়াতের বিচার করা হবে: আমু
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আইনের ফাঁক দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করে দিতে একটি মহল তড়িঘড়ি করে জামায়াতের বিচার চাইছে। তিনি বলেন, আইনের বিধান মেনে আটঘাট বেধে জামায়াতের বিচার করা হবে।





