বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী উত্তর সভাপতি সালাউদ্দিন মাহমুদ বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মরুকরনের হাত থেকে রক্ষা করতে হলে আমাদেরকে অধিক পরিমাণে গাছ লাগিয়ে বনায়ন সৃষ্টি করতে হবে।
ইসলামী ছাত্রশিবির ঘোষিত বৃক্ষরোপণ অভিযান উপলক্ষে নগর উত্তর শিবির আয়োজিত গাছের চারা বিতরণ ও রোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন,কিন্তু পরিতাপের বিষয় ক্ষমতাসীন অবৈধ সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে দেশ ও বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ধ্বংস করে দেয়ার জন্যে উঠেপড়ে লেগেছে। সরকার দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের নগ্ন হস্তক্ষেপে বিদ্যুৎ ঘাটতি মেটানোর নামে পরিকল্পিতভাবে প্রাকৃতিক অপার নেয়ামত এ বনটিকে নস্যাৎ করে দিতে চাইছে। এর ফলে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাপনকে দুর্বিসহ করে তোলার চক্রান্ত করছে যা দেশ ও দশের জন্যে একটি বালখিল্য আত্মঘাতি সিদ্ধান্ত ছাড়া আর কিছুই নয়।
তাছাড়া প্রতিবেশি ভারত দু’দেশে বিদ্যমান নদীগুলোতে বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে। সে সাথে শুকনো মৌসুমে যখন চাষাবাদের জন্য পানির প্রয়োজন পড়ে তখন দেশের উত্তরাঞ্চলের তীব্র খরার সৃষ্টি হয়। আর বর্ষার সময়ে তারা তাদের নদীতে দেয়া বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে বন্যার পানিতে ডুবিয়ে রাখে।
তাছাড়া দেশে যেভাবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য ঘর বাড়ি বানাতে গিয়ে মানুষ অধিক হারে বনভূমি উজাড় করে দিচ্ছে। এ কারণেই দেশে প্রতি বছর বিভিন্ন রকম বন্যা, খরা, জলোচ্ছাস,নদী ভাঙ্গন সহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এসব দুর্যোগের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে প্রতিটি নাগরিককে যত বেশি সম্ভব বনায়ন সৃষ্টি করতে হবে। একই সাথে সুন্দরবন ধ্বংসের পরিকল্পনা থেকে সরে আসতে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ অবিলম্বে বন্ধ করার জোর দাবী জানান।
এমবিএইচ





