ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকল ধরনের উগ্রপন্থা ও সন্ত্রাসের বিরুদ্ধে ফ্রান্সসহ বিশ্বের শান্তিকামী সকল মানুষের পাশে বিএনপি আছে এবং থাকবো।
শনিবার বিকেলে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনায় আমি বিস্মিত, হতবাক ও ক্ষুদ্ধ। সন্ত্রাসী এই ঘটনায় কমপক্ষে ১৫৩ জন নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হওয়ার খবরে আমি উদ্বিগ্ন, শোকাহত।’
তিনি বলেন ‘আমি এই বর্বরোচিত ও নৃশংস হামলার নিন্দা জানাচ্ছি এবং এর হোতারা দৃষ্টান্তমূলক বিচারের মুখোমুখি হবে বলেও আশা করছি।’
সাবেক এই প্রধানমন্ত্রী ফ্রান্সের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফ্রান্সের রাজধানী প্যারিসে শুক্রবার রাতে একাধিক সন্ত্রাসী হামলার ঘটনায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম দেশটিতে জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদ। দেশটির সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশের সাধারণ নাগরিকদের ঘরে অবস্থান করার জন্য বলেছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বাড়তি নিরাপত্তার জন্য নগরজুড়ে ১,৫০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
এমএইচ





